54-‌‌ باب فضل البكاء من خشية الله تَعَالَى وشوقاً إِليه
قَالَ الله تَعَالَى: {وَيَخِرُّونَ لِلأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعاً} [الإسراء:109] وقال تَعَالَى: {أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ وَتَضْحَكُونَ وَلا تَبْكُونَ} [النجم:59،60] .
1/446-وعَن أبي مَسعودٍ، رضي الله عنه. قالَ: قَالَ لي النبيُّ صلى الله عليه وسلم: "اقْرَأْ علَّي القُرآنَ"قلتُ: يَا رسُولَ اللَّه، أَقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ؟، قالَ:"إِني أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي"فقرَأْتُ عَلَيْهِ سورَةَ النِّساء، حَتَّى جِئْتُ إِلى هذِهِ الآية: {فَكَيْفَ إِذا جِئْنا مِنْ كُلِّ أُمَّة بِشَهيد وِجئْنا بِكَ عَلى هَؤلاءِ شَهِيداً} [الآية: 41] قَالَ:"حَسْبُكَ الآنَ"فَالْتَفَتَّ إِليْهِ. فَإِذَا عِيْناهُ تَذْرِفانِ. متفقٌ عَلَيْهِ.
2/447-وعن أنس، رضي الله عنه، قالَ: خَطَبَ رَسُولُ اللَّه صلى الله عليه وسلم خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ، فقالَ: "لَوْ تعْلمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيراً "قَالَ: فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وُجُوهَهُمْ. ولهمْ خَنِينٌ. متفقٌ عَلَيْهِ. وَسَبَقَ بيَانُهُ في بابِ الخَوفِ.
3/448-وعن أبي هريرةَ، رضي الله عنه، قَالَ: قالَ رسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "لَايَلِجُ النَّارَ رَجْلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّه حَتَّى يَعُودَ اللَّبَنُ في الضَّرْع وَلا يَجْتَمعُ غُبَارٌ في سَبِيلِ اللَّه ودُخانُ جَهَنَّمَ "رواه الترمذي وقال: حديثٌ حسنٌ صحيحٌ.
৫৪-‌‌ মহান আল্লাহর ভয়ে এবং তাঁর সান্নিধ্য লাভের ব্যাকুলতায় ক্রন্দনের ফযিলত সংক্রান্ত অধ্যায়
মহান আল্লাহ বলেন: “তারা চিবুক ঠেকিয়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে এবং এটা তাদের বিনয়কে আরও বৃদ্ধি করে।” [আল-ইসরা: ১০৯] এবং মহান আল্লাহ বলেন: “তবে কি তোমরা এই কথায় বিস্ময় প্রকাশ করছ? এবং হাসছ, অথচ কাঁদছ না?” [আন-নাজম: ৫৯, ৬০]।
১/৪৪৬- আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন: “তুমি আমাকে কুরআন পড়ে শোনাও।” আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি আপনাকে পড়ে শোনাব, অথচ আপনার ওপরই তা অবতীর্ণ হয়েছে? তিনি বললেন: “আমি অন্যের কণ্ঠ থেকে তা শুনতে ভালোবাসি।” তখন আমি তাঁকে সূরা আন-নিসা পড়ে শোনালাম। যখন আমি এই আয়াতে পৌঁছালাম: “অতঃপর তখন কী অবস্থা দাঁড়াবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে এই লোকদের ওপর সাক্ষী হিসেবে উপস্থিত করব?” [আয়াত: ৪১]। তিনি বললেন: “আপাতত তোমার জন্য যথেষ্ট হয়েছে।” তখন আমি তাঁর দিকে তাকালাম এবং দেখলাম তাঁর দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। (মুত্তাফাকুন আলাইহি)।
২/৪৪৭- আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভাষণ দিলেন যার মতো ভাষণ আমি ইতিপূর্বে কখনো শুনিনি। তিনি বললেন: “আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তবে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি।” বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাঁদের মুখমণ্ডল ঢেকে ফেললেন এবং তাঁদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। (মুত্তাফাকুন আলাইহি)। ইতিপূর্বে ‘ভীতি’ অধ্যায়ে এর বিশদ বর্ণনা অতিক্রান্ত হয়েছে।
৩/৪৪৮- আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, সে জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ না ওলান হতে নির্গত দুধ পুনরায় ওলানে ফিরে যায়। আর আল্লাহর পথের ধূলিকণা এবং জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না।” (তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং বলেছেন: হাদিসটি হাসান সহীহ)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 169)